চট্টগ্রামের আনোয়ারায় একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উল্টোপথে আসা দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজছাত্রী আহত হন। রাতে চাতুরী চৌমুহনী বাজারের কাছে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নটু মিত্র (৫৮) নামের এক ব্যক্তি নিহত হন।
সকালে চাতুরী চৌমুহনী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হন দিলশাদ (২১) নামের ওই কলেজছাত্রী। তিনি পটিয়া উপজেলার বাসিন্দা প্রয়াত আনিসুজ্জামানের মেয়ে। তাঁর নানাবাড়ি আনোয়ারায়।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে নানাবাড়ি থেকে চট্টগ্রাম সিটি কলেজে ভর্তির কাগজপত্র জমা দিতে যাওয়ার পথে উল্টোপথে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম শহরে পাঠানো হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার রাতে চাতুরী চৌমুহনী বাজারের কাছাকাছি দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে নটু মিত্র (৫৮) মারা যান। তিনি উপজেলার বোয়ালগাঁও এলাকার হিমাংশু মিত্রের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টানেলের গোলচত্বরের পাশ থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে চাতুরী চৌমুহনী বাজারের দিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী বলেন, দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজনের আগেই মৃত্যু হয়। অপরজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।













