চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি তথা হীরকজয়ন্তীর আনন্দ আয়োজনে উত্তেজনা ছড়িয়েছে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে। বুধবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।
এ ঘটনায় শিবিরের দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। তবে কেউ আহত হননি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে হীরকজয়ন্তীর আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের আয়োজন শুরু হয়। শোভাযাত্রাটি শহীদ মিনার চত্বর থেকে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে নিরাপত্তা দপ্তর মোড় হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা, ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
মুখোমুখি শিবির-ছাত্রদল
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে হীরকজয়ন্তীর অনুষ্ঠানস্থলে আসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় সেখানে অবস্থান করা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল বডির সদস্যদের দুই পক্ষকে আলাদা করতে দেখা যায়।
এ ঘটনায় শিবিরের দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইদ বিন হাবিব। তাঁর ভাষ্য, আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনকে শিবিরের সভাপতি ইব্রাহিম রনিকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘রনি, তোমার ছেলেরা আমাদের ধাক্কা দিয়েছে। পরে তোমাদের দেখে নিব।’
এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর উদ্যাপন করছি আমরা। আমাদের বড় ভাইয়েরা এসেছেন, আমরা আনন্দ করব। এ উৎসব নষ্ট করার জন্য তারা মিছিল নিয়ে আসবে, আমরা প্রত্যাশা করিনি। তারা মিছিল নিয়ে এসে ধাক্কাধাক্কি ও আঘাত করে। আমরা পরিস্থিতি অনুযায়ী সেখান থেকে চলে এসেছিলাম। আমরা চাই, উৎসবটা সুন্দরভাবে শেষ হোক।’
ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, ‘অনুষ্ঠানস্থলের পাশে অবস্থান করছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় শিবিরের একটি মিছিল থেকে ‘উগ্র স্লোগান দিতে দিতে’ ক্যাপ-গেঞ্জি পরা স্কুলশিশুদের নিয়ে অনুষ্ঠানের দিকে এগিয়ে আসতে দেখা যায়।’
তিনি বলেন, ‘অনুষ্ঠানটি পণ্ড হওয়ার আশঙ্কায় ছাত্রদল নেতারা শিবির সভাপতি ইব্রাহিম রনির কাছে গিয়ে মিছিলটি অন্যদিকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানান, যাতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলনমেলার পরিবেশ নষ্ট না হয়। এ সময় মিছিলে থাকা বহিরাগত উগ্র কর্মীরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ছাত্রদল কর্মীরা তা প্রতিহত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’
অন্যদিকে, শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনি বলেন, ‘ছাত্রদলের সভাপতি বলেছেন, এখানে মিছিল হলে বিশৃঙ্খলা হতে পারে। আমি তাদের আশ্বস্ত করেছি, আমাদের লোকজন কেউ ঢুকবে না। আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। ছাত্রসংগঠন হিসেবে আমাদের কর্মসূচি থাকবেই।’
তিনি আরও বলেন, ‘আশা করি, তারা কারও কর্মসূচিতে বাধা দেবেন না। তারা তাদেরটা পালন করুক, আমরা আমাদেরটা পালন করি স্বাভাবিকভাবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, ‘এটা তেমন কিছু হয়নি। কেন্দ্রীয় খেলার মাঠে শাখা ইসলামী ছাত্রশিবিরের একটি আনন্দমিছিল প্রবেশ করছিল। সে সময় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কিছু কথা হয়। এর পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে কেউ আহত হননি। আমরা মাঝখানে মধ্যস্থতা করার পরপরই দুই পক্ষ নিজেদের মতো চলে গেছে।’













