২২ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আসামিরা অধরা: জনমনে ক্ষোভ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক কিশোরীকে দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার এক সপ্তাহ পার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে মামলার প্রধান ও অন্যান্য আসামিরা। এতে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

অন্যদিকে এ ঘটনায় এখনো মামলার মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ জোর আলোচনা ও প্রতিবাদ চলছে। তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। এতে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে ৬ মে বুধবার সকালে রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরী বাজারে বিভিন্ন সামাজিক ও সচেতন মহলের ব্যানারে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামে ধর্ষণের শিকার হওয়া ভুক্তভোগী কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। সেখানে তার ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাকে মানসিক সহায়তা প্রদান করা হচ্ছে।

এ বিষয়ে আনোয়ারা সার্কেলের (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ধর্ষণের মামলা পেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। আসামিরা বর্তমানে আত্মগোপনে রয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। পাশাপাশি ডিবি পুলিশের একটি টিম আসামিদের ধরতে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য যে, গত ২৭ এপ্রিল (সোমবার) রাত আনুমানিক ১০টার দিকে ওই কিশোরী খালার বাড়ি থেকে খালাতো বোনের বাসার উদ্দেশ্যে রওনা হন। পথে আবু তাহেরের মুদি দোকানের সামনে পৌঁছালে তাকে জোরপূর্বক ভেতরে টেনে নেওয়া হয়। সেখানে ভোর ৪টা পর্যন্ত আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

পরে ভোর ৪টার দিকে স্থানীয় তিন যুবক রবিউল হোসেন ওরফে চুমকিয়া, মো. ফারুক ও আনোয়ার হোসাইন বিষয়টি জানতে পারলে আবু তাহের কিশোরীকে তাদের হাতে তুলে দেন। এরপর তারা কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে পাশের একটি বিলে নিয়ে যান এবং ভোর ৫টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন সকালে কিশোরী বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি জানায়। পরে ওই কিশোরীর মা বাদী হয়ে শুক্রবার দিবাগত রাতে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলায় রায়পুর ইউনিয়নের ময়না গাজীর বাড়ির আব্দুল মান্নানের ছেলে আবু তাহের (৪২), পূর্ব গহিরা নতুন বাড়ির আব্দুর নূরের ছেলে রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), পূর্ব গহিরা হাড়িয়া পাড়া এলাকার আজিজুল হকের ছেলে মো. ফারুক (২৩) এবং একই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে আনোয়ার হোসাইনকে (২২) আসামি করা হয়।

আরও পড়ুন