চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের একদিন পর সাবেক ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারীস ৭৫ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ মামলায় আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে আনোয়ারা থানায় বিএনপি নেতা মো. হাসান (৫১) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।
মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পিএস রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাদা মহিউদ্দিন, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফ ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানসহ ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে বৃহস্পতিবার সকালে বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় কথিত ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়া দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. মিজানুর রহমানকে (৩২)।
মামলায় গ্রেপ্তার দু’জন হলো— আনোয়ারার বৈরাগ ইউনিয়নের আব্দুর রহিম (৪২) এবং চন্দনাইশ উপজেলার কানাইমাদারি এলাকার মো. সাইমন (২৩)। পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে আনোয়ারা উপজেলার পিএবি সড়কের বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে হঠাৎ মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং সড়কে আতঙ্ক সৃষ্টি ও যান চলাচলে বাধা সৃষ্টি করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে আনোয়ারা ছাড়াও বাঁশখালী, চন্দনাইশ ও বোয়ালখালী উপজেলার বাসিন্দা রয়েছেন।
আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর মো. হাসান বাদী হয়ে মামলাটি করেন। মিছিলের ভিডিও পর্যালোচনা করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলায় নাম উল্লেখ করা ৭৫ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।













