সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ (CFVA) অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি। আয়োজক কমিটি অনুষ্ঠানটির প্রচারপোস্টার থেকে তাঁর ছবি সরিয়ে নতুন পোস্টার প্রকাশ করেছে।
আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করার কথা রয়েছে। অনুষ্ঠানে পরীমণির অংশ নেওয়ার কথা থাকলেও সম্প্রতি এক সাংবাদিককে অপদস্থ করার অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের প্রতিবাদ জানায়। এমনকি তাঁকে অনুষ্ঠানে রাখা হলে বয়কট ও প্রতিহতের ঘোষণাও দেওয়া হয়।
জানা গেছে, এর আগে পরীমণি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ‘চট্টগ্রাম ফ্যাশন ডিজাইন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ (CFVA)-এর পোস্টার শেয়ার করে লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ ওই পোস্টের পর তাঁর অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

তবে সম্প্রতি আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে প্রকাশ্যে গালাগাল ও অপদস্থ করার অভিযোগ ওঠে পরীমণি ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে চট্টগ্রামের সাংবাদিক সমাজ প্রতিবাদ জানায় এবং আয়োজকদের কাছে তাঁর অংশগ্রহণ বাতিলের দাবি তোলে।
এ বিষয়ে আয়োজক কমিটি জানায়, সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার আগেই পরীমণির সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের প্রতিবাদ ও দাবির প্রতি সম্মান জানিয়ে তাঁকে CFVA অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরই মধ্যে পরীমণির ছবি বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেছে আয়োজক কমিটি। ফলে আগামী ২৮ নভেম্বরের অনুষ্ঠানে তাঁর উপস্থিতি থাকছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।













