১৭ এপ্রিল ২০২৬

আনোয়ারায় দীর্ঘ ৭ বছর পর এরশাদ আলী সরকারের বৈশাখী বলি খেলা আগামীকাল

আনোয়ারার ঐতিহ্যবাহী জমিদার এরশাদ আলী সরকারের ১২৯তম বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার।

গত ২০১৯ সালে কোভিড-১৯-এর কারণে মেলা বন্ধ হয় এবং এর পরের বছর রমজান মাস হওয়ায় ৭ বছর বলি খেলা ও মেলা বসেনি। গত মঙ্গলবার জমিদার এরশাদ আলী এস্টেটের এক সভায় এ বছর আগামীকাল মেলা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

‎উপজেলার তৈলারদ্বীপ গ্রামের এরশাদ আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মেলা বসবে। মেলাকে ঘিরে উক্ত গ্রামে চলছে নানান উৎসব আয়োজন।

‎মোগল সম্রাটের আমলে আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ গ্রামের জমিদার এরশাদ আলী সরকার বার্মায় ব্যবসা করে বিপুল জমি ও অর্থসম্পদের মালিক হয়ে জমিদার হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন।

‎বার্মার (মায়ানমার) ব্যবসার পুরো বছরের হালখাতার হিসাব-নিকাশ করতে এবং নতুন হালখাতার হিসাব শুরু করতে প্রতি বছর বৈশাখ মাসে নিজ জমিদারির কাচারী প্রাঙ্গণে জমায়েত হতো। পূণ্যাহ উপলক্ষে প্রজারা আসতেন। এই আনন্দে আগত প্রজাদের চিত্তবিনোদনের জন্য ১৮৯০ সালের দিকে তিনি নিজ গ্রামে আয়োজন করেন বলি খেলা ও বৈশাখী মেলা।

‎সেই থেকে বংশ পরম্পরায় বলি খেলা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরের ৪ঠা বৈশাখ তৈলারদ্বীপ সরকার বাড়ি, হাট ও হাইস্কুলের মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।

‎মোগল আমলের এই জমিদারি প্রথা অনুযায়ী গ্রামবাসীর ওপর একটি নিয়ম জারি করা হয়েছিল—এরশাদ আলী সরকারের বলি খেলা ও মেলা উপলক্ষে তৈলারদ্বীপ গ্রামের বিবাহিতা মহিলারা বাপের বাড়িতে বেড়াতে আসবেন। এই দিনে বিবাহিতা মহিলারা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে আসেন। কথিত আছে, বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার সময় এ গ্রামের মেয়েদের পিতা বা অভিভাবকরা এই শর্ত জুড়ে দেন, যেন তাদের মেয়েদের সরকারের বলি খেলা ও মেলার দিন ‘নাইওর’ আসার সুযোগ দেওয়া হয়। এই নিয়ম এখনো প্রচলিত রয়েছে।

‎জমিদার এরশাদ আলী সরকারের ওয়ারিশ ও এস্টেট সদস্য হানিফ মোহাম্মদ এনামুল করিম চৌধুরী বলেন, কোভিড-১৯-এর কারণে দীর্ঘদিন মেলা ও বলি খেলা হয়নি। আমাদের বংশের ঐতিহ্য ফিরিয়ে আনতে এ বছর এরশাদ আলী এস্টেটের আয়োজনে মেলার আয়োজন করা হচ্ছে। সবাইকে মেলায় আমন্ত্রণ জানানো হচ্ছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ