চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং মেয়াদবিহীন পণ্য ব্যবহারের অভিযোগে একটি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার।
অভিযানকালে চাতরী চৌমুহনী টানেল মোড় সংলগ্ন ‘ভোজনবাড়ি’ রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং মেয়াদবিহীন পণ্য ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং মেয়াদবিহীন পণ্য ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভোজনবাড়ি রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় এ ধরনের নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।












