২২ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় যানজট ও জলাবদ্ধতা নিরসনে “সিইউএফএল সড়কে সওজের উচ্ছেদ অভিযান”

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ব্যস্ততম চাতরী চৌমুহনী বাজারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।

এতে চলমান সিইউএফএল-কর্ণফুলী ড্রাইডক এবং মেরিন একাডেমিসহ সড়কের কাজ দ্রুত শেষ করতে এবং দীর্ঘদিনের যানজট ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা থেকে সওজের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরীর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে চাতরী চৌমুহনী বাজারে সড়কের পাশে সওজের অধিগ্রহণ করা জায়গায় গড়ে ওঠা শতাধিক কাঁচা, ফলমূলসহ বিভিন্ন অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে পুনর্বাসন ছাড়া দোকানপাট উচ্ছেদ করায় ক্ষোভ দেখা দেয় ব্যবসায়ীদের মাঝে।

সওজ সূত্রে জানা যায়, চাতরী চৌমুহনী বাজারের সিইউএফএল সড়ক হয়ে মেরিন একাডেমি পর্যন্ত সাত কিলোমিটার দীর্ঘ সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এই উচ্ছেদ কার্যক্রম চলছে। প্রায় ৭৮ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের আওতায় বাজারের জলাবদ্ধতা নিরসনে ১২০০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আরসিসি ড্রেন নির্মাণের পাশাপাশি ক্রস ড্রেনও করা হবে।

এ বিষয়ে সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবদুল্লাহ আল নোমান পারভেজ জানান, চলমান সড়ক উন্নয়নের জন্য সওজের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। আশা করছি, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে।

এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, উপ-সহকারী প্রকৌশলী আবু আহসান মুহাম্মদ আজিজুল মোস্তফা, আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক কৃপূরাসহ সড়ক ও জনপদ বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন