৩১ অক্টোবর ২০২৬

আন্দোলনে নামলেন মা ও শিশু হাসপাতালের চিকিৎসকরা

বাংলাধারা প্রতিবেদন»

নিয়মবহির্ভূতভাবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা রহিতকরণ এবং বেতন কর্তনের প্রতিবাদে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে আন্দোলনে নেমেছেন চিকিৎসক-নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার (৪ এপ্রিল) সকালে সাড়ে দশটায় হাসপাতালে আন্দোলন করেন তারা। এসময় ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে চিকিৎসাসেবা বন্ধের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনে নেতৃত্ব দেওয়া এক চিকিৎসক বলেন, অনিয়মতান্ত্রিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বেতন-ভাতা কর্তন করছে। সেই সঙ্গে আমাদের বিভিন্ন সুযোগ সুবিধাও কমিয়ে আনা হয়েছে। আমাদের দাবি, সব ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং অবৈধভাবে বেতন কর্তন বন্ধ করতে হবে। তা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

মা ও শিশু জেনারেল হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ বলেন, নিয়ম অনুযায়ী তিনদিন কর্মস্থলে অনুপস্থিত থাকলে এক দিনের বেতন কর্তন করার বিধান রয়েছে। কিন্তু সাতদিন অনুপস্থিত থাকার কারণে একদিনের বেতন কর্তন করা হচ্ছে। এ নিয়ে আন্দোলনে নামেন অনেকে। কর্তৃপক্ষ হাসাপাতালে শৃঙ্খলা ফেরাতে এ ব্যবস্থা নিয়েছে। তবে তাদের সঙ্গে আমরা কথা বলবো। তাদের দাবি-দাওয়াগুলো শুনবো। বর্তমানে তারা আন্দোলন প্রত্যাহার করে কর্মস্থলে যোগ দিয়েছেন।

আরও পড়ুন