ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির জুবলী রোড শাখা থেকে সিমেন্টের কাঁচামাল কেনার নামে ভুয়া বিল-ভাউচার দাখিল করে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট সিমেন্ট পিএলসির বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এসব মামলায় সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীকেও আসামি করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
দুদক সূত্র জানায়, জাল কাগজপত্র তৈরি করে কোনো ধরনের পণ্য ক্রয়-বিক্রয় না করেই ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে মোট ৫০০ কোটি টাকা আত্মসাতের পরিকল্পনা করা হয়। এর মধ্যে ২৭টি ডিলের মাধ্যমে ব্যাংক থেকে ১৪১ কোটি ২০ লাখ টাকা উত্তোলন করে বিভিন্ন হিসাবে স্থানান্তর এবং ইউএই, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
প্রথম মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ২০ মার্চ ইসলামী ব্যাংক জুবলী রোড শাখার গ্রাহক আরামিট সিমেন্ট পিএলসির আবেদনের পরিপ্রেক্ষিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, আগ্রাবাদ শাখার গ্রাহক ‘ইম্পেরিয়াল ট্রেডিং’-এর নামে একটি ডিলের মাধ্যমে ৫৭ কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুদক।
দ্বিতীয় মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৮ সালের ৪ এপ্রিল থেকে ২০১৯ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত আরামিট সিমেন্টের আবেদনের মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি, কামাল বাজার শাখার গ্রাহক ‘ইম্পেরিয়াল ট্রেডিং’-এর নামে ১৭টি ডিলের মাধ্যমে মোট ৪১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া তৃতীয় মামলায় ২০২০ সালের ৬ আগস্ট থেকে ২০২১ সালের ২৮ মার্চ পর্যন্ত আরামিট সিমেন্টের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউসিবি পিএলসি, সদরঘাট শাখার গ্রাহক ‘ইম্পেরিয়াল ট্রেডিং’-এর নামে ৯টি ডিলের মাধ্যমে ৪২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এতে গ্রাহকের ইকুইটি হিসেবে ৪ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা বাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০ জনের বিরুদ্ধে তৃতীয় মামলার অনুমোদন দিয়েছে কমিশন।
দুদক সূত্র জানিয়েছে, ব্যাংকিং ব্যবস্থার অপব্যবহার, জালিয়াতি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় এসব মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের করা হবে।












