নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর সর্বজনগ্রহণযোগ্য ও ভৌগোলিকভাবে সুবিধাজনক স্থানে স্থাপনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে উত্তরাঞ্চল। দাবির প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) অন্তত ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একযোগে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ, মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন। পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে তারা সরকারের কাছে উপজেলা সদর দপ্তরের স্থান পুনর্বিবেচনার দাবি জানান।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সদ্য ঘোষিত উপজেলা সদর দপ্তরের নির্ধারিত স্থানটি ভৌগোলিকভাবে কেন্দ্রীয় নয়। ফলে অন্তত চারটি ইউনিয়নের বাসিন্দাদের প্রশাসনিক সেবা নিতে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। এতে সাধারণ মানুষের সময়, অর্থ ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে বাড়বে।
প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, উপজেলা সদর শুধু একটি প্রশাসনিক কার্যালয় নয়; এটি ভবিষ্যতের শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রবিন্দু। তাই এমন স্থানে সদর দপ্তর গড়ে তোলা উচিত, যেখানে উপজেলার সব ইউনিয়নের মানুষ সহজে ও সমানভাবে সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।
তারা জনস্বার্থ বিবেচনায় সরকারের প্রতি দ্রুত বর্তমান সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজ, হেঁয়াকো বনানী কলেজ, নারায়ণহাট ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, নারায়ণহাট উচ্চ বিদ্যালয়, শান্তিরহাট উচ্চ বিদ্যালয়, দাঁতমারা এ বি জেড সিকদার উচ্চ বিদ্যালয়, হেঁয়াকো বনানী উচ্চ বিদ্যালয়, বালুটিলা আদর্শ উচ্চ বিদ্যালয়, গজারিয়া জেবুন্নেছা উচ্চ বিদ্যালয়, চিকনছড়া উচ্চ বিদ্যালয়, বাগান বাজার উচ্চ বিদ্যালয়সহ মোট ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান।
উল্লেখ্য, সম্প্রতি সরকারি গেজেটের মাধ্যমে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। তবে সদর দপ্তরের স্থান নির্ধারণের পর থেকেই স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় গত কয়েক দিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মানববন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করে আসছেন স্থানীয় বাসিন্দারা।














