চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রগুলোতেও রয়েছে ভোটারদের সরব উপস্থিতি।
রোববার (৩০ জুলাই) নগরীর ১৫৬টি কেন্দ্রের এক হাজার ২৫১টি বুথে ইভিএমের মাধ্যমে উপনির্বাচনের এ ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।


চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি মোতায়েন থাকবে। এ ছাড়া পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সও কাজ করবে। নির্বাচন মনিটরিংয়ের জন্য ১৫৬টি কেন্দ্রে বসানো হয়েছে এক হাজার ৪০৭টি সিসিটিভি ক্যামেরা।




নির্বাচন কর্মকর্তা বলেন, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে দায়িত্ব পালনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ নির্দেশনা দেওয়ার জন্য আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু নৌকা প্রতীক নিয়ে এবং জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত সোনালী আঁশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া ছড়ি, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী বেলুন ও মনজুরুল ইসলাম ভূঁইয়া রকেট প্রতীক নিয়ে এ আসনের জন্য লড়ছেন।














