একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মীর হেলাল বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার দায়িত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বাংলাদেশ পুনর্গঠনে কাজ করছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘পরাজিত ফ্যাসিস্ট দেশকে অস্থিতিশীল করার রাজনীতিতে লিপ্ত।’ তার দাবি, নিষিদ্ধ কোনো সংগঠন দেশের প্রচলিত আইনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না।
বিরোধী দলের ভূমিকা নিয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিরোধী দল সংসদের ভেতরে এক ধরনের কথা এবং বাইরে অন্য ধরনের বক্তব্য দিচ্ছে। তারাই বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত বলেও মন্তব্য করেন তিনি।
মীর হেলাল আরও বলেন, চট্টগ্রামের ছাত্র ও যুবসমাজ দেশের গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও চট্টগ্রামের মানুষ শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় স্বার্থের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরাও চাই হাসিনা দেশে আসুক। দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আদালতে আত্মসমর্পণ করুক। আদালতই তার ভাগ্য নির্ধারণ করবে।’
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, তারা কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা চান না। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি বলেন, জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। একটি নির্বাচিত সরকারকে জ্বালাও-পোড়াও ও ঝটিকা মিছিলের মাধ্যমে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ষড়যন্ত্র নয়, জনগণের ঐক্যই বাংলাদেশের শক্তি। বিভাজনের পরিবর্তে জাতীয় ঐক্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, একটি মহল দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। গুজব, বিভ্রান্তিকর তথ্য ও উসকানির মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় ছাত্রদল রাজপথে সক্রিয় থাকবে।
মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের ‘পরাজিত শক্তি’ সরকারকে হুমকি দিচ্ছে এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ইকবাল হোসেন, জিয়াউর রহমান জিয়া, সিরাজুল ইসলাম ভূঁইয়া, রাজিব উদ্দিন আকন্দ, আসিফ চৌধুরী লিমন, জিএ সালাহউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।














