২৪ অক্টোবর ২০২৬

রেস্তোরাঁ মালিককে অর্থদণ্ড

এক ফ্রিজেই মাংস-খামির-সবজি, ধরা পড়ল সিটি রাজবাড়ীর ‘গোপন চিত্র’

রান্নাঘজুড়ে অপরিচ্ছন্ন পরিবেশ, মেঝেতে জমে থাকা ময়লা-আবর্জনা, আর একই ফ্রিজে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কাঁচা মাংস, খামির ও সবজি সংরক্ষণ— এমন চিত্রই ধরা পড়ে চট্টগ্রাম নগরীর সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সিটি রাজবাড়ী রেস্তোরাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা। তিনি জানান, অভিযানের সময় রেস্তোরাঁটির রান্নাঘর ও আশপাশের পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। এছাড়া ফ্রিজের ভেতরে স্বাস্থ্যবিধি না মেনে কাঁচা গরুর মাংস, রুটি তৈরির খামির এবং বিভিন্ন ধরনের সবজি একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল। খাদ্য নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এমন সংরক্ষণ পদ্ধতি ভোক্তাদের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে বলে জানান তিনি।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় অপরাধ আমলে নিয়ে প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ