আনোয়ারা প্রতিনিধি »
চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেলের উদ্যোগের ফলে ঈদুল আজহার ছুটিতে যানজটমুক্ত পরিবেশে ঘরে ফিরছে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, চকরিয়া ও পেকুয়া উপজেলার লাখ লাখ মানুষ।
প্রত্যেক ঈদের সময় চাতরী চৌমুহনী বাজারের চিরচেনা সেই যানজট এখন আর নেই। চাতরী ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সদস্য, চৌকিদারদের সাথে নিয়ে ট্রাফিক পুলিশ এবং আনোয়ারা থানা পুলিশের সাথে সমন্বয় করে যানজট নিরসনে কাজ করছেন। ফলে এবার যানজটমুক্ত পরিবেশে ঘরে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করছেন মানুষ।
জানা যায়, প্রতি বছর ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময় চট্টগ্রাম শহর ও বিভিন্ন জেলা থেকে ঘরে ফিরে দক্ষিণ চট্টগ্রামের মানুষ। চাতরী চৌমুহনী বাজারে যানজটের ফলে ঘণ্টার পর ঘণ্টাা আটকে থাকতে হয় ঘরে ফেরা মানুষদের। দায়িত্বরত ট্রাফিক পুলিশরা অনেক চেষ্টা করেও সড়ক যানজটমুক্ত রাখতে পারে না। এজন্য এ বছর চাতরী ইউপি চেয়ারম্যান এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে ঈদুল আজহার আগের দিন পর্যন্ত চাতরী ইউনিয়ন পরিষদের পুরো টিম যানজট নিরসনে সড়কে দায়িত্ব পালন করবেন।
চাতরী ইউপি চেয়ারম্যানের এ উদ্যোগের ভূয়সি প্রশংসা করেছেন সাধারণ মানুষ। বাঁশখারী উপজেলার তারেকুল ইসলাম নামের এক শিক্ষার্থী জানান, প্রত্যেক বছর চাতরী চৌমুহনীর যানজটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। এবার চাতরী ইউপি চেয়ারম্যানের উদ্যোগে যানজটমুক্তভাবে বাড়ি ফিরতে পেরে ভাল লাগছে।
চাতরী ট্রাফিক পুলিশের টিআই হাফিজুল ইসলাম জানান, প্রতি বৃহষ্পতিবার সড়কে এমনিতে চাপ থাকে। সে সাথে আজ ঈদুল আজহার ছুটিতে সবাই বাড়ি ফিরছে। ফলে যানজট নিরসনে আমাদের একার পক্ষে সম্ভব ছিল না। চাতরী ইউপি চেয়ারম্যান তার পরিষদের সদস্যদের নিয়ে কাজ করায় সড়ক যানজটমুক্ত রাখা সহজ হয়েছে।
চাতরী ইউপি চেয়ারম্যানর আফতাব উদ্দি চৌধুরী সোহেল বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর এবার প্রথম ঈদে চাতরী চৌমুহনী বাজারের যানজট নিরসনের উদ্যোগ গ্রহণ করেছি। যাতে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মানুষ স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ঈদুল আজহার ছুটিতে ঘরে ফিরতে পারে, পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারে। এজন্য আমি আমার পরিষদের সদস্য, চৌকিদারসহ পুরো একটা টিমকে কাজে লাগিয়েছি।














