২৪ অক্টোবর ২০২৬

ওমানে চট্টগ্রামের প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে ওমানের মুলাদ্দাহ এলাকায় পার্ক করা একটি গাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ সাহেদ, মুহাম্মদ সিরাজ ও মুহাম্মদ শহিদ। তাঁদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজার পাড়ায়।

পরিবারের সদস্যরা জানান, চার ভাই একসঙ্গে কেনাকাটার জন্য বের হয়েছিলেন। তাঁদের মধ্যে দুজনের আগামী শুক্রবার দেশে ফেরার কথা ছিল। পরে রাতের দিকে গাড়ির ভেতর থেকেই তাঁদের অচেতন অবস্থায় দেখতে পান দুই বাংলাদেশি প্রবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে চারজনের মরদেহ উদ্ধার করে।

চট্টগ্রাম সমিতি, ওমানের সভাপতি মো. ইয়াসিন চৌধুরী বলেন, ‌‘গতকাল সন্ধ্যায় ওই চার ভাই ওমানের বারকা এলাকায় ছিলেন। পরে সেখান থেকে মুলাদ্দাহর দিকে রওনা দেন। সেখানে একটি ক্লিনিকের সামনে পার্ক করে রাখা গাড়িটির ভেতর থেকে তাঁদের লাশ উদ্ধার হয়।’

তিনি আরও বলেন, রাত আটটার পর ওই চার ভাইয়ের একজন বারকা এলাকায় থাকা তাঁদের এক স্বজনকে ভয়েস ম্যাসেজ দিয়ে জানান, তাঁরা খুবই অসুস্থ। গাড়ি থেকে বের হতে পারছেন না। যেখানে অবস্থান করছেন, সেই এলাকার লোকেশনও পাঠান। এর মধ্যেই রাতে মুলাদ্দাহ এলাকায় পার্ক করে রাখা গাড়িটির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানান দুই প্রবাসী বাংলাদেশি। এরপর পুলিশ এসে দরজা খুলে চারজনের লাশ উদ্ধার করে। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, অসুস্থ বোধ করায় চিকিৎসা নিতেই ক্লিনিকটির সামনে গাড়ি নিয়ে গিয়েছিলেন চার ভাই। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। আমরা সার্বক্ষণিক নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছি।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে কোনো ধরনের বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় তাঁদের মৃত্যু হতে পারে। অসুস্থ বোধ করায় চিকিৎসার জন্য ক্লিনিকের সামনে গাড়ি থামিয়েছিলেন বলেও ধারণা করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

লালানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমির হোসেন বলেন, ‘একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। লাশ দেশে আনার চেষ্টা চলছে।’

রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, ‘ঘটনার বিষয়ে কেউ উপজেলা প্রশাসনকে অবহিত করেনি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ