বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। পাসপোর্ট, ভিসা ও মেডিকেল পরীক্ষাও শেষ। কিন্তু স্বপ্নের সেই যাত্রা আর হলো না। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে নিজ বাড়ি থেকে শওকত ওসমান মিছবাহ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার পূর্ব গোমাতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শওকত ওসমান মিছবাহ ওই গ্রামের মৃত আবদুল হাকিমের ছোট ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য কলিম উল্লাহ জানান, চার ভাইয়ের মধ্যে দুজন প্রবাসে রয়েছেন। মিছবাহ মূলত কক্সবাজার শহরে থাকতেন এবং রোববার সন্ধ্যায় বাড়িতে ফেরেন। এ সময় তার মা মেয়ের বাড়িতে ছিলেন এবং দেশে থাকা অপর ভাই মাছ ধরতে যান। রাতে বাড়ি ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে মিছবাহকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয়রা জড়ো হলে পুলিশকে খবর দেওয়া হয়।
তিনি আরও জানান, মিছবাহকে বিদেশে নেওয়ার জন্য তার প্রবাসী ভাইয়েরা পাসপোর্ট, ভিসা এবং মেডিকেল পরীক্ষাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে পরিবারের কেউ কোনো কারণ জানাতে পারেননি।
ঈদগাঁও বাসস্ট্যান্ডের অরিয়েন্ট ট্রেডার্স (আজুবা)-এর স্বত্বাধিকারী নাসির উদ্দিন বলেন, মিছবাহ দীর্ঘদিন তার প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, পরিশ্রমী ও কর্মঠ। বিদেশে যাওয়ার আগে নতুন কিছু কাজ শেখার জন্য তিনি কক্সবাজারে অবস্থান করছিলেন। ভবিষ্যৎ নিয়ে তার নানা পরিকল্পনার কথা প্রায়ই বলতেন। হঠাৎ তার মৃত্যুর খবর শুনে তিনি ঘটনাস্থলে যান। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সোমবার আসরের নামাজের পর তার দাফন সম্পন্ন করা হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।














