বাংলাধারা ডেস্ক »
করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য অনুমতি পেয়েছে চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সিভাসুর উপাচার্য বরাবর পাঠানো উক্ত চিঠিতে উল্লেখ করা হয়, সারা বিশ্বের মতো কোভিড-১৯ ভয়াবহতায় বাংলাদেশও আক্রান্ত। সে প্রেক্ষিতে দেশব্যাপী পিসিআর টেস্টের মাধ্যমে রোগী শনাক্তকরণ পরিধি বাড়ানোর জন্য সরকারের নির্দেশনা আছে। সুতরাং এই দুর্যোগময় মুহূর্তে আপনার প্রতিষ্ঠানের সহযোগিতা একান্তভাবে কাম্য। স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ নমুনা, পিসিআর টেস্ট কিট এবং প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ করবে। এই বিষয়ে পরিচালক (স্বাস্থ্য) আপনার সাথে সমন্বয় করবেন। এতে মহাপরিচালকের সম্মতি আছে।
এদিকে আশা করা হচ্ছে সিভাসুর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হলে বিআইটিআইডিতে চাপ কমবে এবং চট্টগ্রামে পরীক্ষার হারও বেড়ে যাবে।
গত ১৯ এপ্রিল চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর সিভাসুতে করোনা পরীক্ষার ল্যাবের প্রস্তুতি দেখতে যান। তিনি সিভাসুর ল্যাবে থাকা রিয়েল টাইম পিসিআর মেশিন ও অন্যান্য প্রস্তুতির বিষয় সরেজমিন দেখে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ, গত ৯ এপ্রিল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মুনিরুজ্জামান বাকাউল স্বাক্ষরিত এক চিঠিতে সিভাসুসহ চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনার নমুনা পরীক্ষার সুপারিশ করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













