চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মাছ বাজারে এসেছে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ। সুন্দরবন উপকূল থেকে ধরা পড়া এই বিরল আকারের মাছটি দেখতে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকেই বাজারে ভিড় করছেন ক্রেতা ও উৎসুক দর্শনার্থীরা।
মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, সুন্দরবন এলাকার একটি মাছ ধরার ঘাট থেকে খবর পেয়ে তিনি মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কিনেছেন। চট্টগ্রামে আনতে পরিবহন খরচ হয়েছে আরও ১০ হাজার টাকা। মাছটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা।
তিনি বলেন, “ইতোমধ্যে প্রায় ৪০ কেজি মাছ আগাম বুকিং হয়েছে। শনিবার পর্যন্ত বুকিং চলবে। এরপর বুকিং অনুযায়ী মাছ কেটে ক্রেতাদের কাছে সরবরাহ করা হবে।”
ব্যবসায়ীরা জানান, এত বড় কোরাল মাছ সচরাচর বাজারে আসে না। ফলে মাছটি দেখতে যেমন মানুষের আগ্রহ তৈরি হয়েছে, তেমনি উন্নত মানের সামুদ্রিক মাছ হওয়ায় অনেক ক্রেতা আগেভাগেই বুকিং দিচ্ছেন।
উল্লেখ্য, কোরাল সামুদ্রিক মাছ স্বাদ ও পুষ্টিগুণের জন্য পরিচিত। এটি সাধারণত বঙ্গোপসাগরসহ উষ্ণ জলবায়ুর উপকূলীয় সমুদ্র অঞ্চলে পাওয়া যায়।













