২৯ এপ্রিল ২০২৬

কাঠগড়ায় বসে মোবাইলে কথোপকথন!

বাংলাধারা প্রতিবেদন»

আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার শুনানি চলছে আদালতে। হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ শুনানির সময় কাঠগড়ায় মোবাইল ফোনে কথা বলেছেন।

সোমবার (২৩ আগস্ট) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণের সময় মোবাইলে কথা বলতে দেখা যায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে। তার কথা বলার একটি ছবি গণমাধ্যমে পৌঁছানোর পর একটি প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল।

ছবিতে দেখা যাচ্ছে, আদালতের কাঠগড়ার ভেতরে হাঁটু গেড়ে বসে মোবাইলে কথা বলছেন বরখাস্ত ওসি প্রদীপ। তার কথা বলার সময় আশপাশে কয়েকজন ব্যক্তিকে দাঁড়ানো দেখা গেছে।

জানা গেছে, বরখাস্ত ওসি প্রদীপকে কথা বলার জন্য মোবাইলটি সরবরাহ করেছিলেন সেখানেই দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল।

সংশ্নিষ্টরা জানান, আদালতের আচরণবিধি অনুযায়ী, আদালত চলাকালে মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।

এদিকে মঙ্গলবার মামলার সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে প্রদীপের ছবি তোলেন সাংবাদিকরা। তখন তিনি বিরক্তি নিয়ে বলেন, ‘আমাকে নতুন করে চেনানোর দরকার নেই।

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি (টেকনাফে দুটি ও রামুতে একটি) মামলা করে। পুলিশের মামলায় সিনহার সঙ্গে থাকা সাহিদুল ইসলাম সিফাতকে গ্রেপ্তার দেখানো হয়।

সিনহা যেখানে ছিলেন, সেই হিমছড়ির নীলিমা রিসোর্ট থেকে তার দুই সহযোগী শিপ্রা দেবনাথ ও তাহসিন রিফাত নুরকেও আটক করা হয়। নুরকে ছেড়ে দিলেও শিপ্রা ও সিফাতকে কারাগারে পাঠায় পুলিশ। পরে তারা জামিনে মুক্তি পান।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন