চট্টগ্রামের রাঙামাটির জুড়াছড়িতে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সঞ্জিতা চাকমার বসতঘরে মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ঘরটিকে গ্রাস করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে ঘরের সব মালামাল পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত সঞ্জিতা চাকমা জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জুড়াছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবারসহ জরুরি সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরও সহায়তার ব্যবস্থা করা হবে।











