চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চননগর কালাপানিয়া ব্রিজের দক্ষিণ পাশে হাট্টটিলা এলাকা থেকে লাকি আক্তার (৩৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত লাকি আক্তার স্থানীয় কাদেরের স্ত্রী। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিকভাবে বেয়াই-বেয়াইনের সম্পর্ক ছিল অভিযুক্ত মো. সাফা (৪৫) ও লাকি আক্তারের পরিবারের মধ্যে। অভিযুক্ত সাফা কালাপানিয়া এলাকার খামার বাড়ির বাসিন্দা। লাকির মেয়ের সঙ্গে প্রায় চার থেকে পাঁচ বছর আগে সাফার ছেলের বিয়ে হয়।
নিহতের পিতা আবুল বশর বলেন, ‘বিভিন্ন সময় সে (ছাফা) আমার মেয়েকে কুপ্রস্তাব দিত। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আমার মেয়েকে কৌশলে ধর্ষণ করে পরে হত্যা করেছে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
ঘটনার দিন শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টার পর যেকোনো সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। প্রতিদিনের মতো লাকি আক্তার গরু আনতে বাড়ি থেকে বের হন। পরে গরু ফিরে এলেও তিনি আর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পাহাড়ি এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রাত ১১টার দিকে স্থানীয় পল্লী চিকিৎসক ওসমান ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, নিহতের নাকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মো. সাফাকে থানায় নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’














