কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা বোট ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিন মঙ্গলবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার শাহপরী এলাকার নাফ নদীতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটে থাকা মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে দ্রুত পার্শ্ববর্তী গোলারচর এলাকায় বোটটি রেখে পালিয়ে যায়।
পরে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) ও বোটের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশে ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।”














