বাংলাধারা প্রতিবেদন»
‘ক্যাশ বিহীন লেনদেনের মাধ্যমেই দুর্নীতি কমিয়ে আনা যাবে।‘- বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে অনলাইন মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে ‘ব্লেজ’ সেবা চালুর উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়। বিদেশ থেকে রেমিট্যান্স আনার জন্য সোনালী ব্যাংক, হোম পে এবং আইটিসিএলের যৌথ উদ্যোগে চালু হয়ে ‘ব্লেজ’। এই সেবার মাধ্যমে মাত্র পাঁচ সেকেন্ডে দিন-রাত ২৪ ঘণ্টার যেকোনো সময় বিদেশ থেকে রেমিট্যান্সে দেশে থাকা গ্রাহকের সোনালী ব্যাংক হিসেবে জমা হবে।
জয় বলেন, ‘আমাদের দেশে ৫ কোটি মানুষের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তারা নগদ টাকার বিনিময়ে লেনদেন করছে। আর এই নগদ টাকার কারণে দেশে দুর্নীতি বাড়ছে, লুটপাট বাড়ছে। কিন্তু আমরা যখন নগদ বিহীন লেনদেনে চলে যাব তখন দুর্নীতি বন্ধ হয়ে যাবে।‘
তিনি বলেন, ‘সরকারি সকল ভাতা এখন আর নগদ টাকায় দেওয়া হচ্ছে না। ডিজিটাল পদ্ধতিতে দেওয়া হয়। এর ফলে যারা আগে গ্রামে টাকা বিতরণ করত তাদের টাকা চুরি করার একটা সুযোগ থাকত, সেই সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি।‘
সজীব ওয়াজেদ বলেন, আমাদের দেশের সবচেয়ে বড় আয় প্রবাসীদের রেমিটেন্স। কিন্তু প্রবাসীরা দেশে টাকা পাঠাতে গিয়ে অনেক সমস্যায় পড়েন। আবার টাকা পাঠালেও তাদের স্বজনদের টাকা হাতে পেতে দুই-তিনদিন সময় লাগে। ডিজিটালের এ যুগে এমন সমস্যা আর থাকা উচিত নয়। সেজন্য এই ব্লেজ সার্ভিসের উদ্বোধন করা হলো।
বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ৩৫টি ব্যাংক এই ব্লেজ সুবিধা চালু করবে। সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা এই সেবা পাওয়া যাবে।
ব্লেজ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। এতে স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান খান। আর ব্লেজ সেবা নিয়ে ভিডিও টিউটোরিয়াল উপস্থাপন করেন হোম পে এর প্রধান নির্বাহী রুবেল আহসান।
বাংলাধারা/এফএস/এফএস












