২৪ অক্টোবর ২০২৬

ওয়ানস্টপ সার্ভিস, অবৈধ ডেভেলপার বন্ধ ও সমন্বিত উন্নয়নের দাবি

চট্টগ্রামকে আধুনিক নগরী গড়তে রিহ্যাবের সঙ্গে মেয়র শাহাদাতের বৈঠক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে নবনির্বাচিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) অনুষ্ঠিত এ সভায় নগর উন্নয়ন, রিয়েল এস্টেট খাতের শৃঙ্খলা ও নাগরিক দুর্ভোগ নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন রিহ্যাব নেতারা।

সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসানের নেতৃত্বে নবনির্বাচিত কমিটির সদস্যরা অংশ নেন।

মতবিনিময় সভায় মোহাম্মদ মোরশেদুল হাসান বলেন, ২০১৭ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনার জন্য ডেভেলপারদের রিহ্যাবের সদস্য হওয়া বাধ্যতামূলক। কিন্তু এখনো অনেক প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা না মেনে ব্যবসা পরিচালনা করছে। পাশাপাশি ব্যক্তি পর্যায়ে শেয়ার বিল্ডিংয়ের মাধ্যমে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে।

তিনি বলেন, এসব অনিয়মের কারণে গ্রাহক হয়রানির পাশাপাশি সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। এ বিষয়ে সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে সিটি কর্পোরেশনের উন্নয়ন কমিটিতে একজন রিহ্যাব প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করারও অনুরোধ জানান।

সভায় রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) সারিস্ত বিনতে নুর নগরীর টেকসই উন্নয়ন ও আধুনিকায়নের জন্য সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা, পিডিবি ও বিটিসিএলসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া রিহ্যাব সদস্যদের জন্য সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট অনুমোদন কার্যক্রমে ওয়ানস্টপ সার্ভিস চালুর দাবি জানান তিনি।

রিহ্যাবের পরিচালক ও কো-চেয়ারম্যান (২) এ এস এম আবদুল গাফফার মিয়াজী বলেন, নির্মাণাধীন প্রকল্পের পাইলিংয়ের মাটি ও বর্জ্য অপসারণের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্দিষ্ট স্থান নির্ধারণ করা প্রয়োজন। পাশাপাশি রোড কাটিংয়ের অনুমতি প্রদান ও নির্মাণাধীন প্রকল্পে হোল্ডিং ট্যাক্স মওকুফের দাবিও জানান তিনি।

সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগরীকে পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে তাঁর বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরেন। রিহ্যাব নেতাদের বিভিন্ন প্রস্তাব ও দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নুর মোহাম্মদ ও আশীষ রায় চৌধুরী।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ