তরুণ সমাজকে খেলাধুলামুখী করা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
শুক্রবার (৭ আগস্ট) নগরীর পোস্তারপাড় আছমা খাতুন সিটি কর্পোরেশন মহিলা ডিগ্রি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সবার আগে বাংলাদেশের আহ্বায়ক এম. এ. হাসনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আবু সুফিয়ান। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস. এম. সাইফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, ফাতেমা বাদশা, এম. এ. হাসেম, আনোয়ার হোসেন লিপু, ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ শাহিনুর এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মুর্তজা খান।
এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, খেলোয়াড় এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ধনিয়ার পাড়া জুনিয়র ফাইটারস ২-১ গোলে ধনিয়ালা পাড়া ইয়ং ফাইটার্সকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে স্কুল বাড়ি একতা সংঘ ৩-০ গোলে আরশাদ আরমান টিপু স্মৃতি সংসদকে হারিয়ে জয় তুলে নেয়।
আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। আগামী কয়েকদিন ধরে নকআউট ভিত্তিতে অনুষ্ঠিত হবে বিভিন্ন ম্যাচ। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
তারা আরও জানান, প্রতিটি ম্যাচেই থাকবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই, যা স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করবে।














