২৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ ফটোগ্রাফার নোয়াখালীর মনিরুল ইসলাম শুভ

চট্টগ্রাম জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ ফটোগ্রাফার’ সম্মাননায় ভূষিত হয়েছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার কৃতি সন্তান মো. মনিরুল ইসলাম শুভ। পেশাগত দায়িত্বের পাশাপাশি দক্ষতা, সৃজনশীলতা ও নান্দনিকতার সঙ্গে জেলা পুলিশের গুরুত্বপূর্ণ কার্যক্রম ক্যামেরাবন্দী করার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

সম্প্রতি চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম তাঁর হাতে সম্মাননা তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযান, আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রম, জনসচেতনতামূলক কর্মসূচি, প্রশিক্ষণ, রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং বিশেষ মুহূর্তগুলো পেশাদারিত্বের সঙ্গে ধারণ করে জেলা পুলিশের কর্মকাণ্ডকে কার্যকরভাবে উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে ‘শ্রেষ্ঠ ফটোগ্রাফার’ হিসেবে নির্বাচিত করা হয়।

মনিরুল ইসলাম শুভ নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ জহির হোসেনের জ্যেষ্ঠ পুত্র।

তাঁর এই অর্জনে পরিবার, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সহকর্মীরা আশা প্রকাশ করেছেন, কর্মদক্ষতা, নিষ্ঠা ও সৃজনশীলতার মাধ্যমে মনিরুল ইসলাম শুভ ভবিষ্যতেও চট্টগ্রাম জেলা পুলিশের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আরও সাফল্যের স্বাক্ষর রাখবেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ