তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনার মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বুধবার (২৫ নভেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
এর আগে বুধবার (২৫ নভেম্বর) বাংলাধারায় ‘তরুণীর সঙ্গে ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের এই নেতার সঙ্গে এক তরুণীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি তুলে ধরা হয়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ওই প্রতিবেদন প্রকাশের পর শেখ মোহাম্মদ হোসেন দাবি করেছিলেন, রাজনৈতিকভাবে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১১ আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ৪২ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করে। ওই কমিটিতে রবিউল হোসেন রবিকে আহ্বায়ক ও কামরুদ্দীন সবুজকে সদস্যসচিব করা হয়। শেখ মোহাম্মদ হোসেন নয়ন ছিলেন কমিটির যুগ্ম আহ্বায়কদের একজন।
তবে কেন্দ্রীয় ছাত্রদলের অব্যাহতিপত্রে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত উল্লেখ করা হয়নি। ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাটির সঙ্গে সাংগঠনিক সিদ্ধান্তের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়েও কেন্দ্রীয় সংসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।













