চট্টগ্রাম বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কম্পাউন্ডে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত-১১। অভিযানে বিআরটিএ কম্পাউন্ডে দালালির অভিযোগে আগ্রাবাদ ডাবল মুরিং এলাকার মৃত কালা মিয়ার ছেলে মনজুর আলমকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, হাটহাজারী থানার অন্তর্গত চৌধুরীহাট এলাকায় পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১২টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত-১১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা অভিযানে নেতৃত্ব দেন। বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।














