১৫ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজে মিলল সাড়ে ১২ লাখ টাকার সিগারেট

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আগত দুই যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটযোগে মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ রায়হান নামের দুই যাত্রী চট্টগ্রামে পৌঁছান।

বিমানবন্দরের কাস্টমস হলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চট্টগ্রামের গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে অভিযান চালায়। এ সময় তাদের ব্যাগেজ তল্লাশি করে ৬৩০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা।

এছাড়া তল্লাশিতে আরও ৫টি স্মার্টফোন জব্দ করা হয়। এর মধ্যে একটি আইফোনের মূল্য প্রায় ৩০ হাজার টাকা এবং চারটি স্যামসাং ফোনের মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানানো হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধারকৃত পণ্য ডিউটি-ট্যাক্স (ডিএম) মূলে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, দুই যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস কর্তৃপক্ষ মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন