চট্টগ্রাম শিক্ষাবোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে। এবার এ বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। গত বছর এ হার ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ২২ শতাংশ।
এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৭৭ হাজার ৪৫৩ জন শিক্ষার্থী পাস করেছে। গত বছর পাস করেছিল ১ লাখ ১ হাজার ১৮১ জন। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। এবার ৯ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন। অর্থাৎ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২ হাজার ৪৪৫ জন।
সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ। গত বছর এ বিভাগে পাসের হার ছিল ৯২ দশমিক ৫৭ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে এবার পাসের হার ৬০ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৩ দশমিক ৫৪ শতাংশ।
অন্যদিকে মানবিক বিভাগে পাসের হার সবচেয়ে কম। এ বিভাগে এবার ৩৮ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর মানবিক বিভাগে পাসের হার ছিল ৫৫ দশমিক ০২ শতাংশ।
এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২৫ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৪৩ জন।
বিভাগভিত্তিক হিসাবে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নেয় ৩৪ হাজার ৯৮০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ৪৩৪ জন এবং ছাত্রী ১৯ হাজার ৫৪৬ জন। মানবিক বিভাগে পরীক্ষার্থী ছিল ৪৩ হাজার ৯৫৮ জন। এর মধ্যে ছাত্র ১৩ হাজার ৭৩১ জন এবং ছাত্রী ৩০ হাজার ২২৭ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষায় অংশ নেয় ৫১ হাজার ৭৩০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২৭ হাজার ১৬০ জন এবং ছাত্রী ২৪ হাজার ৫৭০ জন।
ফলাফলে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে তিন বিভাগেই পাসের হার কমেছে। সবচেয়ে বেশি পতন হয়েছে মানবিক বিভাগে।














