২২ অক্টোবর ২০২৬

চান্দগাঁওতে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা, ৮ আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে প্রকাশ্যে মোহাম্মদ সাকিব হত্যা মামলার তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল ও একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-৭।

গ্রেপ্তাররা হলো— মো. ইমন (২২), মো. রায়হান (২৫), মো. শাহেদ সালমান (২২), মোহাম্মদ হোসেন (২২), হাসান মোহাম্মদ রবিউল (২১), মো. সাকিব হোসেন (১৮), মো. আছমান (২৩) ও মো. ফয়সাল (২৩)।

র‌্যাব জানায়, গত ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চান্দগাঁও থানার মোহরা কামাল বাজার এলাকার লায়লা কমিউনিটি সেন্টারের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে সাকিবকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাকিব চান্দগাঁওয়ের বিসিক এলাকার একটি ময়দার মিলে চাকরি করতেন। ঘটনার কয়েকদিন আগে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয় বলে র‌্যাবের দেওয়া তথ্যে জানা গেছে।

এ ঘটনায় সাকিবের বাবা বাদী হয়ে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে আরও ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

র‌্যাব-৭-এর ভাষ্য, মামলার পর পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান শুরু করা হয়। এর ধারাবাহিকতায় ২৩ আগস্ট বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুন