১৫ অক্টোবর ২০২৬

চুয়েট আন্দোলন নিয়ে ১২৬ শিক্ষকের যৌথ বিবৃতি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের (ভিসি) পদত্যাগের দাবিতে চলা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। একই সঙ্গে আলোচনার পথ পরিহার করে সরাসরি উপাচার্যের পদত্যাগ দাবি করায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উউবের সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে ঢাবি, রাবি, চবি, জাবি ও শাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২৬ জন শিক্ষক এই বিবৃতিতে সহমত প্রকাশ করেন।

বিবৃতিতে শিক্ষকেরা বলেন, চুয়েট দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রকৌশল ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বর্তমান আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষা ও সেশনজট বৃদ্ধির ঝুঁকি তৈরি হচ্ছে।

সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে কোনো যৌক্তিক মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করাই গণতান্ত্রিক পথ। কিন্তু প্রশাসনের সঙ্গে কার্যকর সংলাপে না বসে সরাসরি উপাচার্যের পদত্যাগ দাবি করা কোনো গঠনমূলক সমাধান হতে পারে না। এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্থবিরতা তৈরি করবে। ভবিষ্যতে শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ড পরিহার করার আহ্বান জানিয়ে বলা হয়, কোনো গোষ্ঠীর স্বার্থে শিক্ষা কার্যক্রম ব্যাহত করা কাম্য নয়। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও প্রতিষ্ঠানের সার্বিক দিক বিবেচনা করে সহনশীল ভূমিকা পালন করতে হবে।

চুয়েটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, কোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হয়ে আলোচনার মাধ্যমে ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন