চ্যানেল ২৪-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান ও সিনিয়র সাংবাদিক কামাল পারভেজকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। এ ঘটনায় নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৭ অক্টোবর) সাংবাদিক কামাল পারভেজকে হুমকি দেওয়ার ঘটনা ঘটে বলে সিইউজের বিবৃতিতে জানানো হয়েছে। পরদিন বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।
বিবৃতিতে সিইউজে নেতৃবৃন্দ বলেন, একজন পেশাদার সিনিয়র সাংবাদিককে এভাবে হুমকি দেওয়ার ঘটনা কোনোভাবেই বিচ্ছিন্ন বা সাধারণ ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এ ধরনের হুমকি সাংবাদিক সমাজ মেনে নেবে না।
তারা বলেন, সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে সাংবাদিককে ভয় দেখানো, চাপ প্রয়োগ, হুমকি কিংবা ধমক দিয়ে সত্য প্রকাশের পথ রুদ্ধ করার চেষ্টা কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়। সাংবাদিকরা জনগণের কাছে তথ্য তুলে ধরার দায়িত্ব পালন করেন। সেই দায়িত্ব পালনে বাধা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
সিইউজে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক কামাল পারভেজকে হুমকি দেওয়ার ঘটনায় ওয়াকিল হোসেন বগাকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে হুমকির শিকার সাংবাদিকের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনীতির পরিচয় ব্যবহার করে তাকে রক্ষার যেকোনো অপচেষ্টা সাংবাদিক সমাজ প্রত্যাখ্যান করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
কঠোর হুঁশিয়ারি দিয়ে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, চট্টগ্রামের সাংবাদিক সমাজ কোনো ধরনের হুমকি, ভয়ভীতি, চাপ কিংবা অপতৎপরতার কাছে নতি স্বীকার করবে না। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক কামাল পারভেজের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।












