চট্টগ্রামের মিরসরাইয়ে ১৩০ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রামের সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বারইয়ারহাট বাজারের উত্তর পাশে খান সিটি সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন— খাগড়াছড়ির রামগড় থানার নাকাপা এলাকার নুর আলম (৩৩), শেখ ফরিদ (৩৬) এবং ফেনী সদর থানার মটুয়া এলাকার শফিউল আলম ভূঁইয়া (৩৪)।
এসআরবি-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে পিকআপ ভ্যানের পেছনে থাকা ছয়টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।
এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩০ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।












