২৪ অক্টোবর ২০২৬

চিন্ময় দাসের জামিনে ‘না’ হাইকোর্টের, আলিফ হত্যা মামলায় রুল খারিজ

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেননি হাইকোর্ট।

রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুল খারিজ করে আদেশ দেন। তবে তার বিরুদ্ধে থাকা অপর চার মামলায় জামিন বিষয়ে আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত।

আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

এর আগে হত্যা মামলাসহ পৃথক পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়। গত বছরের ১ সেপ্টেম্বর হাইকোর্ট এ রুল জারি করেছিলেন।

মামলার তথ্য অনুযায়ী, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্টে জামিন পাওয়ার পর পৃথক পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থানীয় নেতাকর্মীদের পক্ষে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন। পরে একই বছরের ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের ঘটনায় তার অনুসারীদের হট্টগোলকে কেন্দ্র করে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ