৩০ সেপ্টেম্বর ২০২৬

আজ চোখ বেঁধে প্রতিবাদ মিছিলের ঘোষণা

চুয়েটে আন্দোলনকারীদের হুমকির অভিযোগ, অষ্টম দিনেও কর্তৃপক্ষের সাড়া নেই

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অষ্টম দিনে গড়িয়েছে। টানা কর্মসূচির পরও দাবির বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে সন্তোষজনক সাড়া না পাওয়ার অভিযোগ তুলে আজ বুধবার চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে পরিচয়পত্র ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের ছবি সংবলিত মুখোশ হাতে নিয়ে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় তারা ‘তুমি কে, আমি কে— সায়েম স্যার, সায়েম স্যার’, ‘একটি নাম, একটি সুর— সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘মোদের দাবি একটাই— সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকে রাজনৈতিক বা বহিরাগতদের কর্মসূচি হিসেবে প্রচারের প্রতিবাদে নিজেদের পরিচয়পত্র প্রদর্শন করে মিছিল করেছেন বলে জানান শিক্ষার্থীরা। পরে শহীদ মিনার চত্বরে সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বরাবর লিখিত বার্তা পাঠ করেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী নাবিলা রাইসা। তিনি বলেন, চুয়েটের ৯৯ শতাংশ শিক্ষার্থী যুক্তিযুক্ত ও ন্যায্য দাবি নিয়ে আন্দোলনে রয়েছেন। তারা দাবি বিবেচনার পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

বিভিন্ন মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানান তিনি।

২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হিশাম বলেন, সায়েম স্যারকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে আট দিন ধরে শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এর মধ্যে প্রধান ফটকে গণঅবস্থান, গণস্বাক্ষর, স্মারকলিপি প্রদান, মশাল মিছিল, গ্রাফিতি অঙ্কন ও মুখোশ মিছিল রয়েছে। সরকার বা প্রশাসনের পক্ষ থেকে সাড়া না পেলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

তিনি বলেন, ‘আমরা কোনো সংঘাত কিংবা হানাহানি চাই না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করতে চাই।’

এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে হুমকি ও ভয়ভীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। পিএমই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ হিল গালিব অভিযোগ করেন, কতিপয় মহল আন্দোলনকারীদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। হুমকি দিয়ে আন্দোলন দমানো যাবে না উল্লেখ করে তিনি অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নিয়োগের প্রজ্ঞাপন বাতিল এবং অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানান।

এদিকে শিক্ষক সমিতির অভ্যন্তরীণ সভার খণ্ডিত অডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগে নিন্দা জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রায় সাড়ে আট ঘণ্টার জরুরি সভার বক্তব্যের খণ্ডিত অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে। সভার বিচ্ছিন্ন বক্তব্যকে শিক্ষক সমিতির সামগ্রিক অবস্থান হিসেবে উপস্থাপন অসঙ্গত ও অনভিপ্রেত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

অন্যদিকে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার গতি ফিরিয়ে আনা তার সর্বোচ্চ অগ্রাধিকার। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সরাসরি আলোচনা করে পারস্পরিক আস্থা ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে আর একদিনের জন্যও ব্যাহত না হয়, সে বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। শিগগির সশরীরে ক্যাম্পাসে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনার কথাও জানান তিনি।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় এর প্রতীকী প্রতিবাদ হিসেবে বুধবার দুপুর দেড়টায় চোখে কালো কাপড় বেঁধে মিছিল করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। প্রশাসনের নীরবতার প্রতিবাদ হিসেবেই এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তারা।

চুয়েটে উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। ২৭ জুলাই দায়িত্ব নেওয়া অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে ২১ সেপ্টেম্বর অব্যাহতি দিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি, আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা এবং চুয়েটের স্বাভাবিক একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনার বিষয়টি সামনে রেখে চলমান সংকট দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন