১ অক্টোবর ২০২৬

চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের প্রতিবাদ, আজ প্রতিবাদী কনসার্ট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পদে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নবম দিনে গড়িয়েছে। দীর্ঘদিন ধরে চলমান আন্দোলনের মধ্যেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো সমাধান বা আশ্বাস না আসায় ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে।

কর্তৃপক্ষের নীরবতার প্রতিবাদে বুধবার (৩০ সেপ্টেম্বর) চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচিতে অনড় রয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

বুধবার বেলা পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রতিবাদী মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে যায় এবং পরে আবার শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।

এ সময় শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে ‘প্রশাসন নীরব কেন, জবাব চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খান বলেন, টানা নয় দিন ধরে সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আন্দোলন করে আসছেন। কিন্তু এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। কর্তৃপক্ষের নীরবতার প্রতিবাদেই চোখে কালো কাপড় বেঁধে মিছিল করতে হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে বুধবার সকাল থেকেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরা।

সর্বাত্মক শাটডাউন ও কর্মবিরতির কারণে চুয়েটের একাডেমিক কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্ধ রয়েছে ক্লাস, ল্যাব ও সেমিস্টার পরীক্ষা। পাশাপাশি উচ্চশিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় কাজে শিক্ষার্থীদের দাপ্তরিক কাগজপত্র প্রক্রিয়াকরণেও জটিলতা তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, টানা কর্মবিরতির কারণে দাপ্তরিক কার্যক্রম পুরোপুরি থমকে গেছে। এতে সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে চলতি মাসের শেষ দিনেও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা ছাড় হয়নি। সামনে শুভ মহালয়া ও শারদীয় দুর্গোৎসব থাকায় পূজার বোনাস পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহালের একদফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ, সর্বাত্মক শাটডাউন, গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন, প্রধান উপদেষ্টার উদ্দেশে খোলা চিঠি, স্মারকলিপি প্রদান, মশাল মিছিল, রেড কার্ড প্রদর্শন, প্রতিবাদী গ্রাফিতি এবং পরিচয়পত্র ঝুলিয়ে মুখোশ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদী কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক কার্যক্রমে যে প্রভাব পড়ছে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত আলোচনার মাধ্যমে সংকটের সমাধানের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন