বাংলাধারা প্রতিবেদক »
এডিস মশার বংশ বিস্তার রোধে নগরীতে অভিযান চালিয়ে ১০ ভবন মালিককে ৮৬ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ অক্টোবর) নগরীর সুগন্ধা আবাসিক এলাকা চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এবং নন্দনকানন ২নং গলি এলাকায় স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা কালাম চেীধুরী জানান, চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর সুগন্ধা আবাসিক এলাকার বিভিন্ন ভবনের ছাদ বাগান ও জামাল খান রোডের বিভিন্ন ভবনের ডেঙ্গু রোগ প্রতিরোধে ও এডিস মশার বংশ বিস্তার রোধে অভিযান পরিচালনা করা হয়। এই সময় সুগন্ধা আবাসিক এলাকার তিনটি বাড়ির ছাদ বাগানে জমাটবদ্ধ পানি পাওয়ায় ভবন মালিকদের বিরুদ্ধে ২৫ হাজার টাকা ও জামালখান সানমান স্প্রিং গার্ডেনের বেইসমেন্ট ফ্লোরে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

এ অভিযানে সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম অংশ নেন।
কালাম চেীধুরী আরও জানান, অন্যদিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচারিত অপর এক অভিযানে নন্দনকানন ২নং গলি এলাকায় ছয়টি বাড়ির ছাদ বাগানের টপে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় এসব ভবন মালিকের বিরুদ্ধে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান চসিকের এই কর্মকর্তা।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা প্রদান করেন বলে জানান তিনি।
বাংলাধারা/এসআরটি












