২৪ অক্টোবর ২০২৬

ছুরিকাঘাতে থাই নাগরিক নিহতের ঘটনায় একজন গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে বঙ্গোপসাগরে নোঙর করা একটি বিদেশি জাহাজে মারামারির ঘটনায় এক ক্রু নিহত হওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে জাহাজটিতে অভিযান চালিয়ে তুরাকর্ণ বুরুসিক (৩৫) নামে এক ক্রুকে গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া তুরাকর্ণ বুরুসিক থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার হওয়া ওই ক্রুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আনোয়ারা উপকূলের বঙ্গোপসাগরে নোঙর করা এমভি কেপিপি-০১ (আইএমও ৯০২১২০৩) নামের একটি বিদেশি জাহাজে ক্রুদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন রাফিফং কালাহান (৩০) নামে এক ক্রু। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রাফিফং কালাহানও থাইল্যান্ডের নাগরিক এবং ওই জাহাজে ক্রু হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ