ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (৫ মে) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে আরও ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।
এর মাধ্যমে মামলাটিতে এখন পর্যন্ত মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এই মামলায় ধারাবাহিকভাবে সাক্ষ্য উপস্থাপন করা হচ্ছে এবং বিচার কার্যক্রম এগিয়ে চলছে।
এর আগে গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও রোকসানা জামান চৌধুরীসহ ব্যাংকের একাধিক সাবেক পরিচালক ও কর্মকর্তা। এছাড়া জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তাসহ মোট ৩৬ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।
দুদক সূত্র জানায়, ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা এ মামলায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রমাণ উপস্থাপনের মাধ্যমে বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।














