২৫ সেপ্টেম্বর ২০২৬

জোরারগঞ্জে ৪০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ হাজার ৫০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম ইয়াবার গুঁড়া এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন খুলনা জেলার ২৮ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল কাদেরের পুত্র মো. রবিউল ইসলাম (৪০), একই জেলার ৯ নম্বর ওয়ার্ডের নেহালপুরের শহিদুল ইসলামের পুত্র আলাউদ্দিন শেখ (২৮) এবং একই জেলার ৩১ নম্বর ওয়ার্ডের মৃত আনসার আলী সিকদারের পুত্র মোশারফ শিকদার জাম্বু (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। আজ ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকা মেট্রো-চ-১২-৮০০৯ নম্বরের একটি কালো নোহা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির পেছনের বাম পাশের সিটের নিচে তেলের ট্যাংকের সঙ্গে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৪০ হাজার ৫০০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম ইয়াবার গুঁড়া উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৩ কেজি ৮৪৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৯ লাখ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, কক্সবাজার থেকে ইয়াবার চালান সংগ্রহ করে ঢাকায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তারা তা পরিবহন করছিলেন। এ ঘটনায় জড়িত আরও কয়েকজন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ