চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় বিচারিক প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। মামলার অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়ে একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য মঙ্গলবার (৯ জুন) দিন নির্ধারণ করেছেন আদালত।
সোমবার (৮ জুন) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমা এ আদেশ দেন। শুনানিকালে আসামি মনির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪ জুন মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন। তদন্তে চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট, সাক্ষ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, বাকলিয়া থানায় দায়ের হওয়া মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। পরবর্তীতে ট্রাইব্যুনাল অভিযোগপত্র গ্রহণ করে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেন।
মামলার নথি অনুযায়ী, গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠসংলগ্ন একটি গুদামকক্ষে চার বছরের শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পরদিন অভিযুক্ত মনির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর জবানবন্দিও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় রেকর্ড করা হয়।
উল্লেখ্য, মামলার একমাত্র আসামি মনির হোসেন (৩০) কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার মিয়াখাননগরে বসবাস করতেন। মামলায় ১৩ জনকে সাক্ষী করা হয়েছে।













