২৯ এপ্রিল ২০২৬

ডিক্লেরেশন বাতিল হচ্ছে ১০০টি ‘ভুতুড়ে পত্রিকার’: তথ্যমন্ত্রী

বাংলাধারা প্রতিবেদন»

গত দুই বছরে ৪৫০টি পত্রিকার ডিক্লেয়ারেশন দেয়া হয়েছে। কিন্তু পত্রিকাগুলোর একটি কপিও বের করতে পারেনি কর্তৃপক্ষ। তাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই এমন ১০০টি পত্রিকার ডিক্লেরেশন বাতিলের জন্য জেলা প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে।

গতকাল (২৪আগস্ট) মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে ৩৭টির মতো টেলিভিশন চ্যানেল চালু আছে, দুই একটি খুব শিগগিরই  অনএয়ারে আসবে। এতগুলো প্রাইভেট চ্যানেলের কারণে কিন্তু অনেকগুলো কর্মসংস্থান হয়েছে।

ড. হাছান মাহমুদ আরও বলেন, অনলাইন গণমাধ্যম এখন বাস্তবতা৷ যে কারণে সরকার অনলাইন গণমাধ্যমের নিবন্ধনের কাজ করছে। ইতোমধ্যেই পাঁচ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে খোঁজ-খবর নিয়ে আমরা মাত্র ১৫০টি অনলাইনকে নিবন্ধন দিয়েছি। একইসঙ্গে যেসব অনলাইন ভিন্ন উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে সেগুলো বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইপি টিভির জন্য ছয়শ আবেদন পড়েছে। এক্ষেত্রটিও আমরা সর্তকতার সঙ্গে দেখছি। মন্ত্রিসভায় পাস করা নীতিমালা অনুযায়ী আইপি টিভি কোনো সংবাদ প্রচার করতে পারবে না। খুব দ্রুত আইপি টিভির নিবন্ধন দেওয়ার পাশাপাশি ব্যবস্থাও নেওয়া হবে।

বঙ্গবন্ধু সাংবাদিকবান্ধব নেতা ছিলেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকেও সাংবাদিকরা অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন। যে কারণে বঙ্গবন্ধুর দর্শন ছড়িয়ে দেওয়া খুব সহজ হয়েছিল।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাংবাদিকদের জন্য যা করেছেন, তা অন্য কেউ করেননি। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে হাজার হাজার সাংবাদিক উপকৃত হচ্ছেন। এটি সাংবাদিকদের এক ভরসাস্থল। কেউ মৃত্যুবরণ করলে তার পরিবার তিন লাখ টাকা পায়। সাংবাদিকদের পরিবারকে সহায়তার জন্য নীতিমালার খসড়া হয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন