২৪ অক্টোবর ২০২৬

ড্রেন দখল, ফুটপাতে দোকান— দ্রুত উচ্ছেদের নির্দেশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ অক্সিজেন-কোয়াইশ সড়কে ফুটপাত ও ড্রেন দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। তিনি দ্রুত দখলমুক্ত করে ড্রেন উদ্ধার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন।

সোমবার অক্সিজেন-কোয়াইশ সড়কের সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে সারি সারি দোকান, ড্রেন ঢালাই করে বন্ধ করে দেওয়া এবং পানি চলাচলের পথ সংকুচিত করার চিত্র দেখতে পান সিডিএ চেয়ারম্যান।

এ সময় সড়কের প্রবেশমুখে অবৈধভাবে ফুটপাতে বসা কয়েকশ দোকান সরিয়ে দেওয়া হয়। দোকানিদের সতর্ক করে চেয়ারম্যান বলেন, ফুটপাত দখলের কারণে সড়কটি অনেক সংকুচিত হয়ে গেছে। চার লেইনের এ সড়কে একসঙ্গে দুটি যানবাহনের চলাচলও ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, ‘অপকর্ম করবে কিছু মানুষ, আর দায় দেওয়া হবে সিডিএকে। এসব ড্রেন তো সিডিএ এসে বন্ধ করেনি। যেখানে রাস্তার পানি নামার কথা, সেখানে পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ড্রেনের মুখ ময়লা দিয়ে ভরাট করে উঁচু করা হয়েছে।’

সিডিএ চেয়ারম্যান আরও বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে। যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং বৃষ্টির পানি দ্রুত ড্রেনে নেমে যেতে পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সিডিএর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল ও সচিব মাহবুবউল করিমকে দখল হওয়া ড্রেন দ্রুত উদ্ধার করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি অবৈধ স্থাপনা ভেঙে ড্রেনের ওপর উপযুক্ত স্লাব বসানোর ব্যবস্থা নিতে বলেন।

চেয়ারম্যান হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি ড্রেনে ময়লা ফেলে কিংবা দোকানের সামনের অংশ অপরিচ্ছন্ন রাখে, তাহলে তাদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে তিনি অক্সিজেন-কোয়াইশ সড়কের চলমান সংস্কার কাজও তদারকি করেন। ব্যবহৃত ইট, বালু ও সিমেন্টের গুণগত মান যাচাই করে সংশ্লিষ্টদের টেকসই ও মানসম্মত কাজ নিশ্চিত করার নির্দেশ দেন।

পরে সিডিএ চেয়ারম্যান অনন্যা আবাসিক এলাকা পরিদর্শন করেন এবং সড়কের কোয়াইশ প্রান্তে একটি পানির ফোয়ারা স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানান।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ