জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।
সোমবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে শোকজ করা হয়। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে হবে।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিবাদ জানিয়ে পোস্ট দেন সাজ্জাদ হোসাইন হৃদয়। সেখানে তিনি ছাত্ররাজনীতিতে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরোধিতার প্রসঙ্গ তুলে ধরে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানান।
সাজ্জাদ গণমাধ্যমকে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বিরাজ করছে এবং বিশ্বজুড়ে তেলের দাম বেড়েছে। তিনি মূলত বিষয়টির একটি ব্যাখ্যা তুলে ধরেই ফেসবুকে পোস্টটি দিয়েছেন। একই সঙ্গে সংগঠনের প্রতি তার শতভাগ আনুগত্য রয়েছে বলেও জানান।
সাজ্জাদ হোসাইন হৃদয় চবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে নতুন দামে জ্বালানি তেল বিক্রি হচ্ছে। প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের দামের তুলনায় চার ধরনের জ্বালানির দামই লিটারে ২০ টাকা করে বেড়েছে।














