বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
শুক্রবার (২ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এক শোকবার্তায় সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন এবং অনলাইন গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান সাংবাদিক সমাজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তাঁরা বলেন, সাংবাদিকতায় তৌফিক ইমরোজ খালিদীর আপসহীন মনোভাব তাঁকে চিরস্মরণীয় করে রাখবে। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গন দক্ষ, অভিজ্ঞ ও পরিচ্ছন্ন এক অভিভাবককে হারিয়েছে।
সিইউজে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতায় একজন অভিজ্ঞ ও সুপরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠার আগে তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের বিবিসিতেও দায়িত্ব পালন করেন।
২০০৬ সালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।












