বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামের আনোয়ারা থানার দোভাষী বাজার এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪৮ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
শনিবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ সৈয়দ (৬১) আনোয়ারা থানার পশ্চিম রায়পুর এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি জানান, কিছু মাদক ব্যবসায়ী আনোয়ারা থানার দোভাষী বাজারস্থ একটি সিএনজি গ্যারেজের ভিতর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৪৮ হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব সিনিয়র সহকারী নূরুল আবছার আরও জানান, গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তা কক্সবাজার, চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লক্ষ টাকা। আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।













