৬ নভেম্বর ২০২৬

১৩ মামলার আসামি শাহ আলম গ্রেপ্তার, ছিনতাইয়ের অস্ত্রসহ ধরা আরও দুইজন

চট্টগ্রাম নগরের সদরঘাটে বিশেষ অভিযান চালিয়ে ১৩ মামলার আসামি হিসেবে পুলিশের নথিতে থাকা শাহ আলমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদরঘাট থানা পুলিশ। এ সময় তাঁদের হেফাজত থেকে একটি কিরিচ, একটি রামদা, একটি লোহার হুক ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের কলেজিয়েট স্কুলের বিপরীতে রেলওয়ে স্টেশন কলোনির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শাহ আলম (২৫), মো. তুষার হাসান (২২) ও তাজুল ইসলাম (৩৬)। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে এসআই আব্দুল্লাহ আল নোমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁদের হেফাজত ও দেখানো মতে একটি কিরিচ, একটি রামদা, একটি লোহার হুক এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় সদরঘাট থানায় ৫ নভেম্বর দণ্ডবিধির ৩৯৪ ধারায় দস্যুতার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার তিনজনকে আসামি করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শাহ আলমের বিরুদ্ধে সিএমপির সদরঘাট, কোতোয়ালী ও চট্টগ্রাম রেলওয়ে থানায় মোট ১৩টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে অস্ত্র আইন, দস্যুতার প্রস্তুতি, ডাকাতির প্রস্তুতি, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ছিনতাই ও অন্যান্য ধারার মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে সদরঘাট থানার একটি জিআর গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

শাহ আলমের বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে ২০২০ ও ২০২১ সালে অস্ত্র আইনের তিনটি মামলা, ২০২১, ২০২৩ ও ২০২৪ সালে দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা এবং ২০২২ সালে কোতোয়ালী থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়া ২০২৪ ও ২০২৬ সালের আরও কয়েকটি মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ