২ মে ২০২৬

নগরীতে পরিত্যক্ত রি-রোলিং মিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর আকবর শাহ থানাধীন এলাকার একটি পরিত্যক্ত রি-রোলিং মিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ জুলাই) সকালে পাক্কারমাথা এলাকার ড্রিম স্টিল রি-রোলিং মিলস লিমিটেড এর ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান। তবে নিহত যুবকের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি মুস্তাফিজ বাংলাধারাকে জানান, মিল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। মিল কর্তৃপক্ষ অভিযোগ করেছেন যুবকটি বৈদ্যুতিক তার চুরি করার সময় বিদ্যুতায়ীত হয়ে মারা যায়।

তিনি বলেন, কারখানাটি অনেকদিন ধরে বন্ধ হলেও বৈদ্যুতিক সংযোগ চালু ছিল। মৃতদেহের পাশ থেকে আমরা কিছু কাটা বৈদ্যুতিক তার উদ্ধার করেছি।

তিনি আরো বলেন, নিহত যুবকটিকে এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।   

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন